শিরোনাম

ইরান যুদ্ধকে ‘ভুল’ বলছেন ৬১ শতাংশ মার্কিনি

সিটিজেন ডেস্ক
ইরান যুদ্ধকে ‘ভুল’ বলছেন ৬১ শতাংশ মার্কিনি
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ধ্বংসস্তুপ ভবনের সামনে এক ইরানি নারী। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। আলোচনার টেবিলে না বসলে ইরানিদের চিরতরে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও ইরানের সভ্যতা পৃথিবী থেকে মুছে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। তার এই বক্তব্যে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানকে ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন অধিকাংশ মার্কিন নাগরিক। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ এবং ইপসোসর যৌথ উদ্যোগে পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ মার্কিনি ইরানের সঙ্গে যুদ্ধ চান না।

শনিবার (২ মে) সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জরিপের ফলাফলে দেখা গেছে, এই জনমত ২০০৬ সালের মে মাসে ইরাকে মার্কিন হামলা নিয়ে করা এক জরিপের প্রায় সমান। ওই সময় ৫৯ শতাংশ মার্কিন নাগরিক ইরাক যুদ্ধকে ভুল বলে মত দিয়েছিলো। এছাড়া ১৯৭১ সালে ভিয়েতনাম যুদ্ধেও প্রায় একই মত দিয়েছিল মার্কিনিরা। ওই সময় এক গ্যালপ জরিপে দেখা গিয়েছিল, প্রতি ১০ জন মার্কিনির মধ্যে ছয়জনই ভিয়েতনাম যুদ্ধকে ভুল হিসেবে আখ্যায়িত করেছিলেন।

ইরানে হামলা নিয়ে করা জরিপটিতে রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতেও জনমতের বড় পার্থক্য দেখা গেছে। জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাটদের প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে ভুল মনে করছেন। ট্রাম্পের দল রিপাবলিকানের ১৯ শতাংশ সমর্থক একই মত পোষণ করেছেন। এছাড়া ৭১ শতাংশ স্বতন্ত্র ভোটার ইরান যুদ্ধকে ভুল মনে করছেন।

সূত্র: সিএনএন

/জেএইচ/