শিরোনাম

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরার আহ্বান তুরস্কের

সিটিজেন ডেস্ক
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরার আহ্বান তুরস্কের
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনায় সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। একই সঙ্গে যুদ্ধ পরিস্থিতি প্রশমনে দুই দেশকেই আলোচনার টেবিলে আরও গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে আঙ্কারা।

ন্যাটো সদস্য এবং ইরানের প্রতিবেশী দেশ তুরস্ক শুরু থেকেই সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে দেশটি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলা হয়, চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী চুক্তিতে রূপ দিতে এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠায় আঙ্কারা প্রয়োজনীয় সমর্থন দিয়ে যাবে। একই সঙ্গে পরিস্থিতি যাতে আরও জটিল না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

তুরস্কের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, আলোচনায় সংশ্লিষ্ট সব পক্ষই গঠনমূলক ভূমিকা রাখবে।

একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আনতালিয়ায় এক কূটনৈতিক ফোরামের ফাঁকে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিকে কাতার সফর শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের তুরস্কে যাওয়ার কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফা আলোচনার নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, দুই দেশের আলোচনায় পারমাণবিক ইস্যুও রয়েছে। তিনি গণমাধ্যমকে অনুমাননির্ভর প্রতিবেদন থেকে বিরত থাকার আহ্বান জানান এবং বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর আস্থার স্বার্থে সব কিছুই কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যেই থাকবে।

/এসএ/