শিরোনাম

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন: ট্রাম্প

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন: ট্রাম্প
বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ইরানকে ঘুষ দেওয়ার অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ২০১৫ সালে ‘জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন’ বা জেসিপিওএ চুক্তির সময় বিপুল অর্থ দেওয়া হয়েছিল।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার ফ্রান্সে জি-৭ সম্মেলনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বলেন, জেসিপিওএ চুক্তির সময় তিনি (ওবামা) তাদের (ইরান) নগদ ১৭০ কোটি ডলার দিয়েছিলেন। ব্যাংক থেকে আনা ডলার একটি বোয়িং ৭৫৭ উড়োজাহাজে করে ইরানে পাঠানো হয়েছিল।

ট্রাম্প বলেন, ‘তারা উড়োজাহাজের পাশে দাঁড়িয়ে ছিল। আমার কাছে এর ছবি আছে। তারা বলেছিল, হায় খোদা, দেখুন, তিনি (ওবামা) আমাদের কত অর্থ দিচ্ছেন।’ ট্রাম্পের ভাষ্য, ‘ওবামা এভাবে ঘুষ দিয়ে সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। কিন্তু আমি তা করিনি।’

২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক আছে। ওবামা প্রশাসন সেই সময় বলেছিল, ১ দশমিক ৭ বিলিয়ন ডলার ছিল ইরানের দীর্ঘদিনের আর্থিক দাবির নিষ্পত্তি।

অর্থ স্থানান্তরের ঘটনাটি নিয়ে ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছিল সিবিএস নিউজ। এতে মার্কিন ট্রেজারি বিভাগের তৎকালীন মুখপাত্র বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন ছিল। সেই কারণে নগদ অর্থ পরিশোধ করতে হয়।

/এসআর/