শিরোনাম

চুক্তি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৪

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
চুক্তি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৪
লেবাননে ইসরায়েলি হামলার পর ধোঁয়ার কুণ্ডুলি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মঙ্গলবার (১৬ জুন) নাবাতিয়াহ এলাকার একাধিক স্থানে হামলা চালায় দখলদার দেশটি। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন।

নাবাতিয়াহ দক্ষিণ লেবাননের একটি বড় শহর। এর পার্শ্ববর্তী জেলার নামকরণও এর নামানুসারে করা হয়েছে। দক্ষিণ লেবাননে অবশিষ্ট থাকা হাতেগোনা কয়েকটি কার্যকরী হাসপাতালের মধ্যে একটি নাবাতিয়াতে অবস্থিত। গত কয়েক সপ্তাহ ধরে এই শহর এবং এর পার্শ্ববর্তী শহর ও গ্রামগুলো ইসরায়েলি সামরিক তৎপরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ইসরায়েলি বাহিনী শহরটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। তারা এলাকাটির ভেতরে ও আশেপাশে উঁচু ভূমি দখল করছে। সেই তৎপরতা এখনো থামেনি। গত ২৪ ঘণ্টায় মায়ফাদুন শহরে ইসরায়েলি ড্রোন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। স্থল অভিযানও অব্যাহত রয়েছে।

ইসরায়েল দখলে নেওয়া কোনো অবস্থান থেকেই সরে আসেনি। যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি সেনা প্রত্যাহার অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।

এর আগে গত সোমবার (১৫ জুন) দীর্ঘ তিন মাসের অধিক সময় ধরে চলা সংঘাত ও উত্তেজনার পর অবশেষে যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেন। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

এই চুক্তির একটি শর্ত হলো লেবাননসহ সব ফ্রন্টেই যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে সমঝোতা স্মারক সই হলেও ইসরায়েল তাদের অপতৎপরতা থামায়নি।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/