শিরোনাম

নদী খননের মাটিতে চাপা পড়েছে আশ্রয়ণের ঘর

খুলনা সংবাদদাতা
খুলনা সংবাদদাতা
নদী খননের মাটিতে চাপা পড়েছে আশ্রয়ণের ঘর
খুলনার ডুমুরিয়া উপজেলায় ভদ্রা নদী খননের মাটি আশ্রয়ণ প্রকল্পের ঘরের ওপর ফেলায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলার বরাতিয়া এলাকায়

মাথার ওপর পাহাড়সম মাটির স্তূপ। সেই মাটির নিচেই চাপা পড়েছে পারুল বেগমের আশ্রয়ণ প্রকল্পের ঘর। পুনর্বাসন না করেই নদী খননের মাটি ঘরের ওপর ফেলায় পারুলসহ দেড় শতাধিক মানুষ বিপদে পড়েছেন। আশ্রয়ণের শেষ সম্বল হারিয়ে দিশাহারা অবস্থায় দিন পার করছেন তারা।

খুলনার ডুমুরিয়া উপজেলার আপার ভদ্রা নদী পুনর্খননের কাজের কারণে চুকনগর আশ্রয়ণ প্রকল্পের ঘরের এখন কোনো অস্তিত্ব নেই। পারুল বেগম এখন চুকনগর গরুর হাটের মাঠে একটি অস্থায়ী খুপরিতে থাকছেন। তার মতো আরও অসংখ্য পরিবার সেখানে অস্থায়ী আবাস গড়েছেন।

সেখানকার বাসিন্দা রিজিয়া বেগম বলেন, ‘গাঙকাটাওয়ালারা ঘর একদম ভেঙে দিয়ে গেছে। পাঁচ-ছয় মাস হয়ে গেছে এই ঘটনা। আমরা এখন গরুর হাটের মাঠে থাকছি। ভোটের আগে নেতারা এসে বলেছিল, ঘর দেবে। কিন্তু এখন তো কেউ কিছু বলে না। আমাদের ঘর নেই, বাথরুম নেই। একটু বৃষ্টি হলে মাঠে পানি ওঠে। পানির তলে ভাসতিছি। কয়টা টিউবওয়েল ছিল এখানে, একটাও নেই। সব মাটির নিচে।’

রিজিয়ার কথা শেষ হওয়ার আগেই আরও কয়েকজন এসে জড়ো হলেন। রাবেয়া বেগম নামের একজন বলেন, ‘আমাদের ঘর, বাথরুম কিছুই নেই। সব ভেঙে দিয়েছে। সবকিছু ভেঙেচুরে মাটির তলে। আমাদের কোনো আশ্রয় নেই। এখন কোনো পথ দেখছি না।’

চুকনগর থেকে কয়েক কিলোমিটার দূরে কাঁঠালতলা আশ্রয়ণ প্রকল্প। আপার ভদ্রা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ওই আশ্রয়ণের ঘরের ওপরও মাটির স্তূপ জমেছে। সেখানে ১৩টি ঘরের ওপর এখন মাটির স্তূপ। কোনো ঘরের চাল ভেঙেছে, কোনো ঘরের দরজা-জানালা মাটিচাপা পড়েছে। আবার কোনোটির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩টি ঘরের বেশির ভাগেই এখন কেউ থাকছেন না।

কাঁঠালতলা আশ্রয়ণের ক্ষতিগ্রস্ত ৭০ নম্বর ঘরের বাসিন্দা তানিয়া বেগম বলেন, ‘কোরবানির ঈদের পর এই অবস্থা হয়েছে। আগেও মাটির স্তূপ ছিল, তবে ঘরের এত ক্ষতি হয়নি। এখন টিনের চালে মাটি উঠে গেছে, বারান্দা ভেঙে পড়েছে। এখানে ১৩টি ঘরে কেউ কেউ আছে, কেউ কেউ অন্য জায়গায় চলে গেছে। এখন সরকার যদি সাহায্য করে, তা ছাড়া আর কী করব।’

কাঁঠালতলা থেকে কয়েক কিলোমিটার দূরে বরাতিয়া আশ্রয়ণ প্রকল্প। সেখানেও ২৪টি ঘর মাটিচাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি সেখানে ঘরের ওপর মাটি ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, মাটিচাপা পড়ে ২৪টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। কেউ কেউ নিজেরাই মাটি সরিয়ে ঘর বাঁচানোর চেষ্টা করছেন। ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামতের কাজও শুরু হয়েছে।

বরাতিয়া আশ্রয়ণের ৫৪ নম্বর ঘরের বাসিন্দা তপতী দাস বলেন, ‘তিন-চার দিন আগে মাটি ঘরের ওপর ফেলা হয়েছে। আমাদের টয়লেট বন্ধ। কেউ টয়লেট ব্যবহার করতে পারছে না। মাটির চাপে ঘরের দরজা-জানালা খোলা যাচ্ছে না। চাল ভেঙে গেছে। ঘর এখন ঠিক করে দিচ্ছে; কিন্তু বাথরুমের কোনো ব্যবস্থা হয়নি।’

আরেক বাসিন্দা আসমা বেগম বলেন, বরাতিয়া আশ্রয়ণের ৪৮টি ঘরের মধ্যে ২৪টির ক্ষতি হয়েছে। এই মাটি কিনেছেন শাহজাহান জমাদ্দার নামের এক ইটভাটার ব্যবসায়ী। তিনি সময় মতো মাটি সরাননি। সেই মাটির ওপর আবার মাটি ফেলায় এ অবস্থা হয়েছে।

তবে শাহজাহান জমাদ্দারের মালিকানাধীন ইটভাটার ব্যবস্থাপক কৃষ্ণপদ মণ্ডল বলেন, নদী খননের মাটি কীভাবে কেনা হয়েছে, তা শাহজাহান জমাদ্দার জানেন। বরাতিয়া প্রকল্পের পাশের মাটি তাদের। সেখানকার মাটি সরানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিষয়ে সেনাবাহিনী ব্যবস্থা নেবে।

এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার বলেন, নদী খননের প্রকল্পটি যশোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে সেনাবাহিনী বাস্তবায়ন করছে। বরাতিয়ায় আশ্রয়ণের ঘরের পাশে যে মাটি ফেলা হয়েছে, তিনি নিজে গিয়েছেন। পাউবোর যশোরের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। ইতিমধ্যে সেনাবাহিনীর তত্ত্বাধানে মাটি সরানো শুরু হয়েছে। কারও ঘর ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে পাউবো।

এ বিষয়ে জানতে পাউবো যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।

পাউবোর যশোর কার্যালয় সূত্র জানায়, কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় সেনাবাহিনী ৬টি নদী পুনঃখননের কাজ করছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৩৯ কোটি ৯৮ লাখ ১৯ হাজার টাকা।

/এসআর/