শিরোনাম

যুক্তরাষ্ট্র হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বলে ডাকবে: ট্রাম্প

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্র হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বলে ডাকবে: ট্রাম্প
হরমুজ প্রণালি ও ডোনাল্ড ট্রাম্প (ইনসেটে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

টেক্সাসের ডালাসে আয়োজিত এক নির্বাচনি জনসভায় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে নিজের নামে ডাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে দলের প্রচারণায় গিয়ে তিনি জানান, এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রণালিটি ‘ট্রাম্প প্রণালি’ নামে পরিচিত হবে।

বক্তব্যে তেহরানের ওপর মার্কিন নিয়ন্ত্রণের দাবি তুলে তেলের দাম কমার আশ্বাস দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধে জয়ী হলেই তেলের দাম কমবে। এ যুদ্ধ আমরা জিতবই। এমনকি ইতোমধ্যে আমাদের জয় শুরুও হয়ে গেছে। আমরা এখন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছি। আমার মনে হয়, হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ ডাকা উচিত। কারণ এই যুদ্ধ থেকে তো আমারও কিছু পাওয়া উচিত, আর সেটা হবে ‘ট্রাম্প প্রণালি’।

সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভদ্রমহিলা ও মহোদয়গণ, আজ আমি এখানে ঘোষণা করছি- এখন থেকে আমরা এ জলপথকে ট্রাম্প প্রণালি নামে ডাকব। আমি নিশ্চিত যে এটি ইরানের নেতাদের মধ্যে শিহরণ তৈরি করবে।’

ট্রাম্প আরও জানান, মধ্যপ্রাচ্যে তেহরানের দীর্ঘ ৫১ বছরের গুন্ডামির দিন এবার শেষ হতে চলেছে। এর আগে নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে হরমুজের মানচিত্র পোস্ট করে সেখানে নতুন নামটি ব্যবহার করেছিলেন তিনি।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি পরিবাহিত হওয়া এ সংবেদনশীল নৌপথটি ভৌগোলিকভাবে ইরানি ভূখণ্ডে অবস্থিত। ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে ইরানের শুল্ক আদায়ের সিদ্ধান্ত ও মার্কিন অবরোধের জেরে এ পথে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়ে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/