শিরোনাম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জনই ঢাকা বিভাগের ও বাকি ১ জন সিলেট বিভাগের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯৮৬ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮৮৭ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯৬৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত মোট ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৯ হাজার ৫২৭ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।

/এসবি/