শিরোনাম

৪৭ বছর বয়সে ৫ উইকেট, তাহিরের বিশ্বরেকর্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৪৭ বছর বয়সে ৫ উইকেট, তাহিরের বিশ্বরেকর্ড
দক্ষিণ আফ্রিকার সাবেক লেগস্পিনার ইমরান তাহির

বয়স ৪৭ পার হলে অধিকাংশ ক্রিকেটারই হয়তো খেলা ছেড়ে পরিবারকে সময় দেন, নয়তো ডাগআউটে কোচিংয়ের নতুন ভূমিকা বেছে নেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার সাবেক লেগস্পিনার ইমরান তাহির হেঁটেছেন উল্টো পথে। এ বয়সেও টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার ধার একটুও কমেনি। বল হাতে প্রতিনিয়ত ভেলকি দেখিয়ে এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গড়েছেন অনন্য এক বিশ্বরেকর্ড।

সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে নেতৃত্ব তাহিরের কাঁধে। সম্প্রতি সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গায়ানার ৪ উইকেটের জয়ে মূল কারিগর ছিলেন তিনিই। দুর্দান্ত বোলিং স্পেলে ম্যাচসেরার পুরস্কার জিতে মাঠ ছাড়েন এ অধিনায়ক।

ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৭ রান খরচায় ৫টি উইকেট তুলে নেন তাহির। আর তাতেই টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট (ফাইফার) নেওয়ার বিশ্বরেকর্ডটি গড়ে ফেলেন তিনি। মাইলফলক স্পর্শ করার দিনে তার বয়স ছিল ৪৭ বছর ১৬৬ দিন।

মজার ব্যাপার হলো, টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার সেরা পাঁচের তালিকায় একাই তিনবার নাম তুলেছেন তাহির। তালিকার প্রথম, তৃতীয় এবং পঞ্চম স্থানই তার দখলে। এ তালিকায় ৪৬ বছর ২৯৯ দিনে পাঁচ উইকেট নিয়ে দুই নম্বরে আছেন কুক আইল্যান্ডের তোমাকানুতে রিতায়া এবং ৪৪ বছর ৩২৩ দিনে ফাইফার নিয়ে চার নম্বরে অবস্থান করছেন বুলগেরিয়ার প্রকাশ মিশ্রা।

/এমএকে/