শিরোনাম

অর্থ আত্মসাতের মামলায় জামিন পেলেন নোবেল

আদালত সংবাদদাতা
অর্থ আত্মসাতের মামলায় জামিন পেলেন নোবেল
ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগের মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত ৫ হাজার টাকার মুচলেকায় ওই জামিনের আদেশ দেন।

এ তথ্য জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী মো. ইমরান হোসেন।

২৩ ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধির থানার বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে ডেমরা থানা-পুলিশ। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নোবেলের বিরুদ্ধে অভিযোগ, আনাননিয়া শবনম রোজের সঙ্গে নোবেল প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রলোভন দেখান। ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে নোবেল তার কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন। পরবর্তী সময়ে সেই টাকা তিনি আর ফেরত দেননি।

২০২৫ সালের ১৩ আগস্ট আদালতে মামলাটি দায়ের করা হলে বিচারক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। গত ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে নোবেলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে, ‘ধর্ষণ ও মারধরের’ অভিযোগে ডেমরা থানার একটি মামলায় ২০২৫ সালের ১৯ মে গ্রেপ্তার হন নোবেল। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার ৫ দিন পর, ২৪ জুন তিনি জামিন পান।

/এফসি/