শিরোনাম

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার সাঈদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার সাঈদ

বাংলাদেশের জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন সামানজার সাঈদ। এই জয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’-এর ৭৫তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন।

শনিবার (১১ জুলাই) রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বিচারকদের চূড়ান্ত মূল্যায়নের ভিত্তিতে সামানজার সাঈদের মাথায় ওঠে এবারের বিজয়ের মুকুট।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী আর দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর।

আয়োজক প্রতিষ্ঠান আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি) জানিয়েছে, অংশগ্রহণকারীদের মূল্যায়নে বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি বুদ্ধিমত্তা, নেতৃত্বের সক্ষমতা, আত্মবিশ্বাস এবং সামাজিক দায়িত্ববোধকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে।

গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯-এর শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯-এর রাফা নানজীবা তোরসা, হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, মেহরিন আফরোজ চৌধুরী এবং এফা তাবাসসুম। তাদের মূল্যায়নের ভিত্তিতেই নির্বাচিত হয় এবারের সেরা প্রতিযোগীরা।

বিজয়ী হওয়ার পর থেকেই আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করেছেন সামানজার সাঈদ। আগামী কয়েক সপ্তাহ তিনি ব্যক্তিত্ব উন্নয়ন, আন্তর্জাতিক পর্যায়ের উপস্থাপনা দক্ষতা বৃদ্ধি এবং ‘বিউটি উইথ আ পারপাস’ উদ্যোগের আওতায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নেবেন।

আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে ৭৫তম ‘মিস ওয়ার্ল্ড’-এর মূল প্রতিযোগিতা শুরু হবে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ। আর প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ৫ সেপ্টেম্বর।

/এসবি/