শিরোনাম

এবার বাস্তবের ‘মোয়ানা’ আসছে পর্দায়

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
এবার বাস্তবের ‘মোয়ানা’ আসছে পর্দায়
এবার বাস্তবের ‘মোয়ানা’ আসছে পর্দায়, বাংলাদেশেও মুক্তি ১০ জুলাই

অ্যানিমেশন সিনেমাপ্রেমীদের কাছে ‘মোয়ানা’ একটি জনপ্রিয় নাম। ২০১৬ সালে মুক্তি পাওয়া ডিজনির মিউজিক্যাল অ্যাডভেঞ্চার সিনেমাটি বিশ্বজুড়ে দর্শকদের ব্যাপক সাড়া ফেলে। প্রায় ৭০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমাটির সিকুয়েল ‘মোয়ানা ২’ ২০২৪ সালে মুক্তির পর আরও বড় সাফল্য পায়। এক বিলিয়ন ডলারের বেশি আয় করে এটি আগের সিনেমার রেকর্ডও ছাড়িয়ে যায়।

এবার জনপ্রিয় এই গল্প ফিরছে লাইভ-অ্যাকশন রূপে। টমাস কাইল পরিচালিত ওয়াল্ট ডিজনি পিকচার্সের ‘মোয়ানা’ আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ১০ জুলাই। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি মুক্তি পাবে।

লাইভ-অ্যাকশন সংস্করণে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো ‘মাউই’ চরিত্রে ডোয়াইন জনসনের অভিনয়। ২০১৬ সালের অ্যানিমেটেড সংস্করণে এই চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তিনি। এবার প্রথমবারের মতো ক্যামেরার সামনে ‘মাউই’ হয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা।

এক সাক্ষাৎকারে ডোয়াইন জনসন বলেন, লাইভ-অ্যাকশনে ‘মাউই’ চরিত্রে অভিনয় করা তার ক্যারিয়ারের অন্যতম বিশেষ অভিজ্ঞতা। তার ভাষায়, পর্দায় রক্ত-মাংসের মানুষের মাধ্যমে পলিনেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ তুলে ধরার অনুভূতিই আলাদা। তিনি জানান, গত এক দশকে একজন বাবা হিসেবে জীবনের নানা অভিজ্ঞতা চরিত্রটিকে আরও গভীরভাবে উপস্থাপনে সহায়তা করেছে। এছাড়া ‘মাউই’ চরিত্রের মধ্যে তিনি নিজের দাদার প্রতিচ্ছবি খুঁজে পান এবং হাওয়াইয়ে কাটানো শৈশবের স্মৃতিও এই গল্পের সঙ্গে জড়িয়ে আছে।

অন্যদিকে, বিশ্বের ৩২ হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে কাস্টিংয়ের মাধ্যমে মোয়ানা চরিত্রে নির্বাচিত হয়েছেন নবাগত অভিনেত্রী ক্যাথরিন লাগাইয়া। পরিচালক টমাস কাইল জানান, প্রথম অডিশনেই ‘হাউ ফার আই'ল গো’ গান পরিবেশন করে তিনি সবাইকে মুগ্ধ করেছিলেন।

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া সামোয়ান বংশোদ্ভূত ক্যাথরিন বলেন, শৈশব থেকেই মোয়ানা তার অনুপ্রেরণার একটি চরিত্র। তিনি বিশ্বাস করেন, মোয়ানার সাহস, কৌতূহল ও স্বপ্ন দেখার মানসিকতা তাকে ব্যক্তি হিসেবেও প্রভাবিত করেছে। তাই চরিত্রটির সঙ্গে নিজেকে সহজেই একাত্ম করতে পেরেছেন।

সিনেমার গল্পে সাহসী কিশোরী মোয়ানা নিজের দ্বীপ ও জনগণকে রক্ষার জন্য বিপজ্জনক সমুদ্রযাত্রায় বের হয়। তার সঙ্গী হয় শক্তিশালী কিন্তু অহংকারী অর্ধ-দেবতা মাউই। নানা বাধা অতিক্রম করে তারা প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার অভিযানে অংশ নেয়। মূল অ্যানিমেশন চলচ্চিত্রের আবেগ, পরিবার, দায়িত্ববোধ ও আত্মপরিচয় খুঁজে পাওয়ার বিষয়গুলোও লাইভ-অ্যাকশন সংস্করণে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

মুক্তির আগেই সিনেমাটি নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নির্মাতাদের আশা, আগের দুটি চলচ্চিত্রের ধারাবাহিকতায় লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’ও দর্শকদের মন জয় করবে।

/এমআর/