শিরোনাম

ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে যোগ দিলেন তিন অধ্যাপক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে যোগ দিলেন তিন অধ্যাপক
বাঁ দিক থেকে অধ্যাপক মো. মেহেদী হাসান খান, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন ও ধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মো. মেহেদী হাসান খান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী।

সোমবার (২৭ জুলাই) ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন তারা।

এর আগে, ২৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (সংশোধিত)-এর ৪(১)(বি) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।

নবনিযুক্ত সদস্যদের মধ্যে অধ্যাপক মো. মেহেদী হাসান খান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৯৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করার পর ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।

অধ্যাপক ড. মো. আসলাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর জাপানের সাগা মেডিকেল স্কুল থেকে মাইক্রোবায়োলজিতে পিএইচডি সম্পন্ন করেন। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি শিক্ষকতা ও গবেষণায় যুক্ত রয়েছেন। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার ৫৪টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোভাসকুলার অ্যান্ড লেজার সার্জারি বিভাগের চেয়ারম্যান। তিনি জাপানের হামামাতসু ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে ভাসকুলার সার্জারিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। চিকিৎসা, গবেষণা এবং একাডেমিক নেতৃত্বে তার তিন দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত তিন সদস্যের নিয়োগের মেয়াদ চার বছর। তাদের নিয়োগ যোগদানের তারিখ থেকেই কার্যকর হয়েছে।

/এসবি/