শিরোনাম

বিয়ে করলেন ‘শিরোনামহীনের’ ইশতিয়াক

বিয়ে করলেন ‘শিরোনামহীনের’ ইশতিয়াক
নববধূর সাথে শেখ ইশতিয়াক (ছবি: সংগৃহীত)

জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন- এর ভোকালিস্ট শেখ ইশতিয়াক জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি রিসোর্টে পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়ের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ব্যান্ড শিরোনামহীন– এর লাইভ পারফরম্যান্স। নিজের বিয়ের মঞ্চেই গানে অংশ নিতে দেখা যায় শেখ ইশতিয়াককে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মঞ্চে পারফরম্যান্সের সময় তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় নববধূকে।

রবিবার (১১ জানুয়ারি) নিজের বিয়ের ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে ইশতিয়াক লেখেন, ‘আলহামদুলিল্লাহ। গতকাল আমরা একসঙ্গে নতুন যাত্রা শুরু করেছি। দয়া করে আমাদের প্রার্থনায় রাখবেন। আল্লাহ যেন আমাদের বিয়েকে ভালোবাসা, ধৈর্য ও বোঝাপড়ার আশীর্বাদে ভরে দেন। আমরা যেন বিশ্বাস ও মায়া নিয়ে একসঙ্গে বেড়ে উঠতে পারি।’ তবে স্ত্রীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে শনিবার সন্ধ্যায় ব্যান্ড শিরোনামহীন-এর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও ইশতিয়াকের বিয়ের খবরটি জানানো হয়। সেখানে লেখা হয়, ‘হ্যালো! আজ আমরা একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছি। ঠিকই শুনেছেন, আজ আমাদের শেখ ইশতিয়াকের বিয়ে। তার জীবনের এই নতুন ইনিংসের জন্য সবার কাছে দোয়া চাইছি।’

সংগীতজীবনে শেখ ইশতিয়াক প্রথমে একক শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন। ২০১৭ সালে তানযির তুহীন ব্যান্ড ছেড়ে দিলে তিনি শিরোনামহীন-এ যোগ দেন। তাঁর কণ্ঠেই ব্যান্ডটি নতুনভাবে প্রাণ ফিরে পায়– যার অন্যতম জনপ্রিয় গান ‘এই অবেলায়’।

/এসএ/