শিরোনাম

উত্তর আমেরিকায় ৫৮ প্রেক্ষাগৃহে নিশো-পূজার ‘দম’

বিনোদন ডেস্ক
উত্তর আমেরিকায় ৫৮ প্রেক্ষাগৃহে নিশো-পূজার ‘দম’
আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি অভিনীত সিনেমা দম। কোলাজ, ছবি: সিটিজেন গ্রাফিক্স

উত্তর আমেরিকার দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দম’। প্রথম সপ্তাহে বড় সাফল্যের পর দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডার ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) নতুন এই শিডিউল কার্যকর হবে। এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে ছবিটির উত্তর আমেরিকার পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ।

পোস্টে তিনি লেখেন, ‘আগামী ১৭ এপ্রিল (শুক্রবার) থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার মোট ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে “দম”। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৫০টির বেশি এবং কানাডায় ৮টি হলে ছবিটি চলবে।’

গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পায় রেদওয়ান রনি পরিচালিত ‘দম’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। মুক্তির মাত্র এক সপ্তাহ পার হতেই দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৫০টি প্রেক্ষাগৃহে এবং কানাডায় ৮টিতে প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন পরিবেশকরা।

নির্মাতা রেদওয়ান রনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রবাসী দর্শকদের ভালোবাসা দেখে অভিভূত তিনি। রনি বলেন, ‘বিদেশের মাটিতে যে বিপুল সাড়া পেয়েছি, তাতে আমার মনে হচ্ছে ‘দম’ জিতে গেছে।’

আফগানিস্তানে তালেবানদের হাতে অপহৃত এক বাংলাদেশির শ্বাসরুদ্ধকর বেঁচে ফেরার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে রেদওয়ান রনির তৃতীয় সিনেমা ‘দম’। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান, মো. সাইফুল্লাহ।

/জেএইচ/