শিরোনাম

গোপনে বিয়ে করেছেন জুবিন নটিয়াল?

সিটিজেন ডেস্ক
গোপনে বিয়ে করেছেন জুবিন নটিয়াল?
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল বিয়ের পিঁড়িতে বসেছেন, এমন খবর ছড়িয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত শিল্পীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

খবরে বলা হয়েছে, দীর্ঘদিনের প্রেমিকা ও শৈশবের এক বান্ধবীর সঙ্গে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জুবিন। তার জন্মস্থান উত্তরাখণ্ডের একটি নির্জন পাহাড়ি এলাকায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

অনুষ্ঠানটি ছিল একেবারেই সাদামাটা। দুই পরিবারের সদস্য এবং হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতেই সম্পন্ন হয় বিয়ে। কোনো ধরনের জাঁকজমক বা আনুষ্ঠানিক আয়োজন রাখা হয়নি।

ভারতের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত জুবিন ও তার স্ত্রী ছবি। ছবি: সংগৃহীত
ভারতের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত জুবিন ও তার স্ত্রী ছবি। ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন জুবিন। সে কারণেই প্রচারের আলো থেকে দূরে থাকতে এমন নিরিবিলি পরিবেশে বিয়ের আয়োজন করেছেন বলে মনে করা হচ্ছে।

এদিকে তার স্ত্রীর পরিচয় নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হলেও এখনো তার নাম বা ছবি প্রকাশ করা হয়নি। তবে চলতি বছরের ভালোবাসা দিবসে ইনস্টাগ্রামে এক তরুণীর সঙ্গে অস্পষ্ট ছবি শেয়ার করেছিলেন জুবিন, যা ঘিরে তখন থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।

শিল্পীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নিজের জীবনের নতুন অধ্যায় প্রিয়জনদের মাঝে, সাবেকি রীতিতে শুরু করতে চেয়েছিলেন জুবিন। সে কারণেই বড় কোনো আয়োজন না করে ছোট পরিসরেই বিয়ে সম্পন্ন করেছেন।

২০১১ সালে একটি রিয়েলিটি শো দিয়ে সংগীতজগতে যাত্রা শুরু করা জুবিন নটিয়াল বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক। তার গাওয়া ‘‘ফির চালা’, ‘হামনাভা মেরে’, ‘তুম হি আনা’ গানগুলো শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

/এসএ/