শিরোনাম

‘স্বামী নয়, গোবিন্দর মতো ছেলে চাই’

সিটিজেন ডেস্ক
‘স্বামী নয়, গোবিন্দর মতো ছেলে চাই’
অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজাকে দীর্ঘদিন ধরেই বলিউডের অন্যতম আলোচিত দম্পতি হিসেবে দেখা হয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন সুনীতা আহুজা।

সাক্ষাৎকারে তিনি জানান, গোবিন্দ একজন আদর্শ সন্তান হতে পারেন, কিন্তু স্বামী হিসেবে তিনি তার প্রত্যাশা পূরণ করতে পারেননি।

সুনীতা বলেন, আমি গোবিন্দর মতো ছেলে চাই, স্বামী নয়। তিনি একজন অসাধারণ ছেলে এবং দারুণ একজন ভাই। কিন্তু স্বামী হিসেবে আমি যা চেয়েছিলাম, তা তিনি নন।

তিনি জানান, তিনি পার্টি করতে, বাইরে খেতে যেতে এবং ঘুরে বেড়াতে ভালোবাসেন। কিন্তু গোবিন্দ সারাজীবন নিজের পরিবারকে দেখাশোনাতেই ব্যস্ত ছিলেন।

সুনীতার মতে, গোবিন্দ কখনও নিজের আনন্দ বা উপভোগের জন্য সময় দেননি। এখন তার ৬০ বছর বয়স হয়েছে, কিন্তু এই দীর্ঘ সময়ে তিনি নিজের জন্য বাঁচেননি।

গোবিন্দকে ঘিরে অতীতে বিবাহবহির্ভূত সম্পর্কের নানা গুঞ্জনও শোনা গেছে। তবে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সুনীতা।

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী বলল, তাতে তার কিছু যায় আসে না। স্বামীর প্রতি বিশ্বাস থাকলে এসব কোনো সমস্যা নয়। পরিবারের শান্তিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শাশুড়ির প্রসঙ্গ টেনে তিনি বলেন, যতদিন গোবিন্দের মা বেঁচে ছিলেন, আমাদের সংসার খুব সুন্দর ছিল।

চার দশকের দাম্পত্য জীবন নিয়ে আক্ষেপের সুরে সুনীতা বলেন, আমার খারাপ লাগে এই ভেবে যে, এত বড় সুপারস্টার হয়েও তিনি জীবনে কী দেখলেন? কিছুই না।

তবে এত বছরের সম্পর্কের পর এখন আর বিচ্ছেদের কথা ভাবেন না বলেও জানান তিনি।

সুনীতার বলেন, এত বছর একসঙ্গে থাকার পর তাকে ছেড়ে যাওয়া সম্ভব নয়, বরং সেটা এখন ভাবাও অপরাধের মতো।

/এসএ/