শিরোনাম

গোবিন্দ-সুনীতার বিচ্ছেদে নতুন মোড়

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
গোবিন্দ-সুনীতার বিচ্ছেদে নতুন মোড়
গোবিন্দ ও সুনীতা আহুজা

কয়েক মাস ধরে চলা বলিউড তারকা গোবিন্দ ও সুনীতা আহুজার দাম্পত্যজীবন নিয়ে জল্পনার অবসান ঘটেছে। আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন সুনীতা।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ ডিসেম্বর হিন্দু বিবাহ আইনের অধীনে বান্দ্রা ফ্যামিলি কোর্টে গোবিন্দর বিরুদ্ধে বিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা। আবেদনে পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে মামলাটি নিয়ে আর কোনো আইনি পদক্ষেপ এগোয়নি।

সম্প্রতি আদালতে গিয়ে সুনীতা আনুষ্ঠানিকভাবে সেই আবেদন প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন গোবিন্দর ম্যানেজার শশী সিনহা।

তিনি বলেন, বিবাহবিচ্ছেদের আবেদনকে কেন্দ্র করে সুনীতাকে নিয়ে নানা সমালোচনা হয়েছে। তবে এতে স্যারের কোনো ক্ষতি হয়নি, তার তারকাখ্যাতি অটুট রয়েছে। তিনি যদি সত্যিই আবেদনটি প্রত্যাহার করতে চাইতেন, তাহলে বিষয়টি নিয়ে এত দূর এগোনো উচিত ছিল না। তবে এখন ভালো হয়েছে। আশা করা যায়, সামনে কিছুটা সুখ ও শান্তির সময় আসবে।

এর আগে, ছেলে যশবর্ধন আহুজাকে সঙ্গে নিয়ে বান্দ্রা ফ্যামিলি কোর্টে দেখা যায় সুনীতাকে। আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবশ্য যাওয়ার কারণ না জানিয়ে রসিকতা করে তিনি বলেন, ‘জন্মদিন উদ্‌যাপন করতে এসেছি।’

সম্প্রতি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে গোবিন্দর কিছু ছবি নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুনীতা। স্বামীকে ‘সুগার ড্যাডি’ বলেও মন্তব্য করেন তিনি। পরে ভিডিও বার্তায় স্ত্রীকে প্রকাশ্যে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক করেন গোবিন্দ এবং তাকে সীমা না ছাড়ানোর পরামর্শ দেন।

১৯৮৭ সালের মার্চে বিয়ে করেন গোবিন্দ ও সুনীতা। তাদের দুই সন্তান-টিনা আহুজা ও যশবর্ধন আহুজা।

/এসবি/