শিরোনাম

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বকেয়া ঋণ ছাড়ালো ৪০ লাখ কোটি ডলার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বকেয়া ঋণ ছাড়ালো ৪০ লাখ কোটি ডলার
ওয়াশিংটনে একটি ইলেকট্রনিক ডিসপ্লেতে জাতীয় ঋণ দেখানো হচ্ছে

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো সরকারি ঋণের পরিমাণ ৪০ ট্রিলিয়ন বা ৪০ লাখ কোটি ডলার অতিক্রম করেছে। ট্রেজারি ডিপার্টমেন্টের সর্বশেষ হিসাব অনুযায়ী, মঙ্গলবার (১৮ আগস্ট) দেশটির দেনার পরিমাণ দাঁড়িয়েছে ৪০.০৫ ট্রিলিয়ন ডলারে। মাত্র সাড়ে ৪ বছর আগেই এ অঙ্কটি ছিল ৩০ ট্রিলিয়ন ডলার।

বছরের পর বছর ধরে তৈরি হওয়া বিশাল বাজেট ঘাটতি এবং কোভিড মহামারির সময়ে দেওয়া কোটি কোটি ডলারের প্রণোদনা তহবিলের কারণেই মূলত দেশটির অর্থনীতির এ অবস্থা। বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট ঋণের পরিমাণ দেশটির বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের প্রায় সমপর্যায়ে চলে গেছে। কেবল জুলাই মাসেই মার্কিন সরকারের বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ৪৩২.৩ বিলিয়ন ডলারে। চলতি বছরজুড়ে এ ঘাটতির পরিমাণ ইতোমধ্যেই প্রায় ১.৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি।

মার্কিন সরকারের এ বেহিসাবি দেনার প্রভাব এখন স্পষ্ট হয়ে উঠেছে আর্থিক বাজারেও। জুন মাসের শেষ দিক থেকে বন্ডের ইল্ড বা সুদের হার লাফিয়ে বেড়েছে। বাজার সামলাতে ট্রেজারি ডিপার্টমেন্ট বুধবার (১৯ আগস্ট) দীর্ঘমেয়াদী বন্ড পুনঃক্রয়ের পরিমাণ বাড়ানোর ঘোষণা দিতে বাধ্য হয়েছে। ২০০৮ সালের মন্দা সামাল দিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেড সুদের হার প্রায় শূন্যে নামিয়ে এনেছিল এবং ব্যাপক বন্ড কিনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছিল।

তবে বর্তমান বাস্তবতা একেবারেই ভিন্ন। সরকারি ঋণের পাহাড়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিনিয়োগ বাড়াতে কর্পোরেট বন্ড ইস্যুর বন্যা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডের কঠোর অবস্থানের কারণে বন্ডের ইল্ড ক্রমাগত ওপরের দিকেই ধাবিত হচ্ছে। অন্যদিকে মূল্যস্ফীতি ও শ্রমবাজারের তথ্য স্পষ্ট না হওয়া পর্যন্ত ফেড সুদের হার কমানোর ব্যাপারে ধীরে চলো নীতি গ্রহণ করায় সরকারের ঋণ রেকর্ড পরিমাণে বেড়েছে। ফলে চলতি বছরে নেওয়া ঋণের পেছনে শুধুমাত্র সুদ বাবদই মার্কিন সরকারকে গুনতে হচ্ছে প্রায় ১.২ ট্রিলিয়ন ডলার।

সূত্র: সিএনবিসি

/এমএকে/