শিরোনাম

শেষ হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একাডেমিক মাইগ্রেশনের ভোট

ঢাকা কলেজ সংবাদদাতা
ঢাকা কলেজ সংবাদদাতা
শেষ হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একাডেমিক মাইগ্রেশনের ভোট
লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একাডেমিক মাইগ্রেশন নিয়ে মতামত গ্রহণের ভোট কার্যক্রম শেষ হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল ৪টায় নির্ধারিত সময় শেষে ভোটগ্রহণ শেষ হয়।

এর আগে গত ১৬ আগস্ট সকাল ১০টা থেকে অনলাইনে এ ভোটগ্রহণ শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রেজিস্ট্রারকৃত সাত কলেজের শিক্ষার্থীদের একাডেমিক মাইগ্রেশনের বিষয়ে মতামত জানতে এ ভোটের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে রেজিস্ট্রারকৃত মোট শিক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ৩৯৬ জন। এর মধ্যে একাডেমিক মাইগ্রেশন নিয়ে মতামত দিয়েছেন ১৯ হাজার ৬৮২ জন শিক্ষার্থী। সে হিসাবে মোট ভোট কাস্টিংয়ের হার প্রায় ৩৬ শতাংশ।

অন্যদিকে, ৩৪ হাজার ৭১৪ জন শিক্ষার্থী ভোট বা মতামত প্রদান করেননি। অর্থাৎ, মোট রেজিস্ট্রারকৃত শিক্ষার্থীর প্রায় ৬৪ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেননি।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষে মোট শিক্ষার্থী রয়েছেন ১৮ হাজার ৮১৭ জন। এর মধ্যে একাডেমিক মাইগ্রেশন নিয়ে মতামত দিয়েছেন ৬ হাজার ৮৫৬ জন। মতামত প্রদান থেকে বিরত ছিলেন ১১ হাজার ৯৬১ জন।

২০২২-২৩ শিক্ষাবর্ষে মোট শিক্ষার্থী ১৭ হাজার ৯২৫ জন। এ শিক্ষাবর্ষে মতামত দিয়েছেন ৬ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী। মতামত দেননি ১১ হাজার ১৯০ জন।

এ ছাড়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৬৫৪ জন। এর মধ্যে ৬ হাজার ৯১ জন শিক্ষার্থী মতামত দিয়েছেন এবং ১১ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী মতামত প্রদান থেকে বিরত ছিলেন।

ভোটগ্রহণ শেষে শিক্ষার্থীদের দেওয়া মতামতের ভিত্তিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একাডেমিক মাইগ্রেশনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

/এসআর/