শিরোনাম

আলভারেজের আশা ছেড়ে দিয়েছে বার্সেলোনা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আলভারেজের আশা ছেড়ে দিয়েছে বার্সেলোনা
হুলিয়ান আলভারেজ

আতলেতিকো মাদ্রিদে খেলা আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে পেতে মরিয়া ছিল বার্সেলোনা। এবার আলভারেজকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছে কাতালান ক্লাবটি। তবে এক সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, আলভারেজের বিষয়টি পুরোপুরি বাদ দেয়নি বার্সা। ভবিষ্যতে জানুয়ারির সংক্ষিপ্ত দলবদলেও তারা আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের জন্য চেষ্টা করতে পারে।

বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক একজন ‘নম্বর নাইন’ দলে চান। তবে ক্লাবের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মনে করেন, নতুন স্ট্রাইকার না এলেও বর্তমান স্কোয়াডে যথেষ্ট বিকল্প আছে।

এর আগে চলতি গ্রীষ্মের দলবদলে আলভারেজকে পেতে প্রায় ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। সেটি প্রত্যাখ্যান করে আতলেতিকো। ২০২৬ বিশ্বকাপের সময় ম্যানচেস্টার সিটির সাবেক এই ফরোয়ার্ড প্রকাশ্যেই জানিয়েছিলেন, তিনি ক্লাব পরিবর্তন করতে চান।

ফ্লিক অবশ্য এখনও একজন ‘নম্বর ৯’ এর আশা ছাড়েননি। অনেকে মনে করছেন, রাফিনিয়া, আদেয়েমি, অ্যান্থনি গর্ডন, এমনকি লামিনে ইয়ামালকেও সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে খেলানো সম্ভব।

সাম্প্রতিক সপ্তাহে ইন্তার মিলানের লাউতারো মার্টিনেজ ও স্পোর্টিং সিপির লুইস সুয়ারেজের নামও বার্সার সঙ্গে জড়িয়েছে। তবে আপাতত দুজনের ক্ষেত্রেই সম্ভাব্য ট্রান্সফার ফি বার্সার নাগালের বাইরে।

/টিই/