শিরোনাম

টানা তৃতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
টানা তৃতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে টানা তৃতীয় দিনের মতো কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬৮৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, শনিবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমায় এই সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫০৮ টাকা কমিয়ে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৭৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে শুক্রবারও স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা এবং রুপার দাম ৩৯২ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা এবং ২২ ক্যারেট রুপার দাম ছিল ৬ হাজার ৩৫৭ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৪৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৭ বার কমানো হয়েছে।

/এসএ/