শিরোনাম

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

সিটিজেন ডেস্ক
ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা
ইরাকে শনিবার (১৪ মার্চ) ভোরে স্থানীয় সময়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে দূতাবাসের হেলিপ্যাড ধ্বংস হয়েছে বলে জানা গেছে। তবে হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৪ মার্চ) ভোরে স্থানীয় সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা।

কর্মকর্তাদের বরাতে জানা গেছে, দূতাবাসে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি সরাসরি ইরান থেকে ছোড়া হয়নি। তাদের ধারণা, ইরাকে সক্রিয় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। ওই সময় থেকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে।

এদিকে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য শুক্রবার (১৩ মার্চ) ‘লেভেল ফোর’ সতর্কবার্তা জারি করে যুক্তরাষ্ট্রের দূতাবাস। এতে বলা হয়, ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো সম্ভবত ইরাকে যুক্তরাষ্ট্রের স্থাপনা ও মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাতে পারে।

সতর্কবার্তা জারির কয়েক ঘণ্টার মধ্যেই দূতাবাসে এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।

সূত্র: এপি

/এসএ/