শিরোনাম

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

সিটিজেন ডেস্ক
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এ জন্য ২০২৫-২৬ অর্থবছরের মার্চ-এপ্রিল প্রান্তিকে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুযায়ী দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের এ সহায়তা দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নির্ধারিত লিংকের মাধ্যমে ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমে প্রবেশ করে আবেদন করা যাবে।

ট্রাস্ট সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন ১০ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান দেওয়া হবে। ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ সহায়তার জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের শর্ত

আবেদনকারীকে পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এসএসসি ও এইচএসসি পর্যায়ে জিপিএ-৫ এর ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং স্নাতক পর্যায়ে জিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। এসবের প্রমাণপত্র আবেদনপত্রের সঙ্গে আপলোড করতে হবে।

এ ছাড়া সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তান এবং যেসব শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার কম, তারা এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন।

দুর্ঘটনার প্রমাণ হিসেবে জেলা পর্যায়ের সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দেওয়া গুরুতর আহত-সংক্রান্ত প্রত্যয়নপত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের আগের এক বছরের মধ্যে সংঘটিত দুর্ঘটনার ক্ষেত্রেই এ অনুদান প্রযোজ্য হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সময় শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ, মা-বাবার জাতীয় পরিচয়পত্র, ছবি, স্বাক্ষর এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র অনলাইনে আপলোড করতে হবে। যেহেতু পুরো প্রক্রিয়া অনলাইনভিত্তিক, তাই আবেদনের কোনো হার্ড কপি ট্রাস্টে জমা দিতে হবে না।

অনুদানের অর্থ সরাসরি শিক্ষার্থী বা তার মা-বাবার ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হবে। এ জন্য পূর্ণাঙ্গ ব্যাংক হিসাব নম্বর, ব্যবহৃত মোবাইল নম্বর এবং প্রমাণ হিসেবে চেক বইয়ের পাতা বা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে। ভুল বা অসম্পূর্ণ ব্যাংক তথ্য দিলে অর্থ প্রেরণে সমস্যা হলে ট্রাস্ট পুনরায় তা পাঠাবে না বলে জানানো হয়েছে।

অনলাইনে আবেদন করার সময় শিক্ষাপ্রতিষ্ঠানের নাম খুঁজে না পাওয়া গেলে প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে ইআইআইএন ও প্রয়োজনীয় তথ্যসহ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ই-মেইল বা ডাকযোগে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।

আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

/এসএ/