শিরোনাম

ট্রাম্পের উপদেষ্টার ভিসা বাতিল করলো ব্রাজিল

সিটিজেন ডেস্ক
ট্রাম্পের উপদেষ্টার ভিসা বাতিল করলো ব্রাজিল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর ডানপন্থী উপদেষ্টা ড্যারেন বিটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর ডানপন্থী উপদেষ্টা ড্যারেন বিটির ভিসা বাতিল করেছে ব্রাজিল সরকার। দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তার।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা শুক্রবার (১৩ মার্চ) এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ব্রাজিলের কর্মকর্তাদের ভিসা বাতিলের ঘটনার পাল্টা পদক্ষেপ হিসেবে বিটির ভিসা প্রত্যাহার করা হয়েছে।

রিও ডি জেনিরোতে এক অনুষ্ঠানে লুলা বলেন, যে আমেরিকান ব্যক্তি জইর বলসোনারোর সঙ্গে দেখা করতে এখানে আসতে চেয়েছিলেন, তাকে নিষিদ্ধ করা হয়েছে। যতক্ষণ না তারা আমার স্বাস্থ্যমন্ত্রীর ভিসা দেয়, ততক্ষণ আমি তাকে ব্রাজিলে আসতে দেব না।

ব্রাজিলের কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বিটি ভিসার আবেদনে তার সফরের উদ্দেশ্য সম্পর্কে ভুল তথ্য দিয়েছিলেন।

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত। ২০২২ সালের নির্বাচনের পর অভ্যুত্থান চেষ্টার অভিযোগে বর্তমানে তিনি ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

শুক্রবারের এই সিদ্ধান্ত ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনারই ইঙ্গিত দিচ্ছে। যদিও সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও লুলার মধ্যে সম্পর্ক কিছুটা উন্নতির লক্ষণ দেখা গিয়েছিল।

গত আগস্টে বলসোনারোর বিচার প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে ব্রাজিলের ওপর কঠোর শুল্ক আরোপ করেন ট্রাম্প। একই সঙ্গে তিনি বলসোনারোর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং ব্রাজিল সরকারের বিরুদ্ধে ডানপন্থী কণ্ঠস্বর দমনের অভিযোগ তোলেন।

আইসিইউতে বলসোনারো

এদিকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো। ব্রাসিলিয়ার ডিএফ স্টার হাসপাতালের এক মেডিকেল নোটে এ তথ্য জানানো হয়েছে।

৭০ বছর বয়সী বলসোনারোকে শুক্রবার ভোরে জ্বর, কাঁপুনি এবং অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ব্রাসিলিয়ার চিকিৎসক ব্রাসিল কাইয়াদো সাংবাদিকদের বলেন, সাবেক প্রেসিডেন্টের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে অন্তত কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে।

বলসোনারোর বড় ছেলে ও ব্রাজিলের সিনেটর ফ্লাভিও বলসোনারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেছেন, তার বাবার জীবন পরিকল্পিতভাবে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে।

সূত্র: রয়টার্স

/এসএ/