শিরোনাম

৫ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
৫ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

৫ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৫২৩ টাকা।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ কমবেশি হতে পারে।

এর আগে, সোমবার সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা, যা কার্যকর হয় সকাল ১০টা ৪৫ মিনিট থেকে।

চলতি বছর এ নিয়ে দেশের বাজারে ২২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ১৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ৮ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল– যেখানে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

/এসএ/