শিরোনাম

দাদি-নাতনি হত্যা: শরিফুলের ফাঁসির দাবিতে মানববন্ধন

পাবনা সংবাদদাতা
দাদি-নাতনি হত্যা: শরিফুলের ফাঁসির দাবিতে মানববন্ধন
বিক্ষোভ মিছিল। ছবি: সিটিজেন জার্নাল

পাবনার ঈশ্বরদী উপজেলায় দাদিকে হত্যার পর নাতনি জামিলাকে ধর্ষণ ও হত্যায় জড়িত শরিফুল ইসলামের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে পাবনা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার শরিফুলের ফাঁসির দাবি জানায় স্বজন ও এলাকাবাসী।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে অভিযুক্ত শরিফুল ইসলাম শরীফের ফাঁসির দাবি জানিয়ে জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দেওয়া হয়।

নিহত দাদি সুফিয়া বেগম সম্পর্কে শরিফুলের খালা। জামিলা তার ভাতিজি।

উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে দাদি সুফিয়া বেগম ও বাড়ির পাশে সরিষা ক্ষেত থেকে নাতনি জামিলা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন বিকালে ঘটনার সঙ্গে জড়িত শরিফুল ইসলাম শরীফকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তিনি ভবানীপুর উত্তরপাড়া গ্রামের মোফাজ্জাল হোসেনের ছেলে।

এ ঘটনায় রবিবার (১ মার্চ) নিহত সুফিয়া বেগমের মেয়ে মর্জিনা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন।

/এসআর/