শিরোনাম

গণপরিবহনে বয়স্ক, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের ভাড়া কমবে: রেলমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
গণপরিবহনে বয়স্ক, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের ভাড়া কমবে: রেলমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সিটিজেন জার্নাল

বয়স্ক, প্রতিবন্ধী এবং শিক্ষার্থীদের জন্য পরিবহন ভাড়া কমানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

রবিউল আলম বলেন, বয়স্ক, প্রতিবন্ধী এবং শিক্ষার্থী এই তিন শ্রেণির জন্য ভাড়া ২৫ শতাংশ কমানো হবে। ঈদের আগেই চেষ্টা থাকবে। তা না হলে ঈদের পরে অবশ্যই কমানো হবে।

ঈদে পরিবহন ভাড়া কোনভাবেই বাড়বে না বলে আশ্বস্ত করেন সড়ক পরিবহন মন্ত্রী।

ফেরার পথে গাড়িতে যাত্রী থাকে না, ওই সময় পরিবহন মালিকেরা ভাড়া বাড়িয়ে থাকে– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেরার পথে পরিবহনগুলোতে যাতে টোল ফ্রি করা যায় সে বিষয়ে মালিক সমিতির সঙ্গে কথা হয়েছে। এজন্য বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই।

পরিবহনে অতিরিক্ত চাপের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, দুই দিনের মধ্যে প্রায় এক-দেড় কোটি মানুষ ঢাকা শহর ছেড়ে যায়, যা পৃথিবীর ইতিহাসে বিরল। এ কারণে পরিবহনের ওপর বাড়তি চাপ পড়ে। মানুষের আসা যাওয়ার পথে যাতে কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয়, সেজন্য অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় চলছে।

/জেএইচ/