শিরোনাম

ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন

নিজস্ব প্রতিবেদক
ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন
ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন। ছবি: সংগৃহীত

স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মেলিতা মেহজাবিনকে চেয়ারম্যান করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর স্থলাভিষিক্ত হলেন।

মন্ত্রী হওয়ার কারণে লাভজনক প্রতিষ্ঠানের পরিচালনা পদে না থাকার বাধ্যবাধকতা থাকায় ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান মিন্টু। ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত শনিবার পরিচালনা পর্ষদের ৫৩৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্যাংকের জনসংযোগ বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, চেয়ারম্যান পদে পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থাকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে।

বিদায়ী চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বিএনপি সরকার গঠন করলে তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন এর আগে ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ২০০৯ সালে প্রভাষক হিসেবে একই প্রতিষ্ঠানে যোগ দেন তিনি। পরে শ্রীলঙ্কার কলম্বো বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কমনওয়েলথ স্কলার হিসেবে যুক্তরাজ্যের অ্যালায়েন্স ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে পিএইচডি সম্পন্ন করেন।

এর আগে সিকদার পরিবারের অভ্যন্তরীণ বিরোধের জেরে ২০২৩ সালের ডিসেম্বরে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান করা হয় সৈয়দ ফারহাত আনোয়ারকে। তার সময়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে ন্যাশনাল ব্যাংক একীভূত করার আলোচনা শুরু হয়। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই আলোচনা আর এগোয়নি।

ঋণ জালিয়াতি ও অনিয়মে জর্জরিত হয়ে একসময় তারল্য সংকটে পড়ে ব্যাংকটি। ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। সে সময় পর্ষদের নিয়ন্ত্রণ ছিল চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের হাতে।

পরে ব্যাংকটির উদ্যোক্তা আব্দুল আউয়াল মিন্টু ২১ বছর পর ২০২৪ সালের আগস্টে চেয়ারম্যান হিসেবে ফেরেন। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল ব্যাংকের শুরু থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২০ বছর উদ্যোক্তা পরিচালক ছিলেন তিনি। ১৯৯৫ থেকে ১৯৯৮ সালের ডিসেম্বর পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। পরবর্তীতে তার ছেলে ব্যবসায়ী তাবিথ আউয়াল ২০০৭ সাল পর্যন্ত ব্যাংকটির পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।

/এসএ/