শিরোনাম

মার্কেন্টাইল ব্যাংকে ৪৭ কোটি টাকার রহস্যজনক লেনদেন, ব্যবস্থাপককে দুদকের জিজ্ঞাসাবাদ

সিটিজেন জার্নাল
মার্কেন্টাইল ব্যাংকে ৪৭ কোটি টাকার রহস্যজনক লেনদেন, ব্যবস্থাপককে দুদকের জিজ্ঞাসাবাদ
দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়। ছবি: সিটিজেন জার্নাল

মার্কেন্টাইল ব্যাংকের উত্তরা শাখার একটি গ্রাহক হিসাবে ৪৭ কোটি ৫০ লাখ টাকার রহস্যজনক লেনদেনের ঘটনায় তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সংস্থাটি।

দুদক সূত্র জানায়, মার্কেন্টাইল ব্যাংকের উত্তরা শাখার গ্রাহক সুরাইয়া হকের ব্যাংক হিসাবে ৪৭ কোটি ৫০ লাখ টাকা জমা হয় এবং পরে একই পরিমাণ টাকা বিভিন্ন পদ্ধতিতে উত্তোলন করা হয়। ২০২১ সালে খোলা ওই হিসাবের এ লেনদেনকে ‘অস্বাভাবিক’ বলে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

সংস্থাটির আশঙ্কা, এ লেনদেনের সঙ্গে মানিলন্ডারিং বা অর্থ পাচার জড়িত থাকতে পারে।

সিআইসির পাঠানো অভিযোগের ভিত্তিতে গত ১৭ মে সুরাইয়া হকের ছেলে সারেক ফাহিম হক, তাজওয়ার ফিরোজ হক ও ফারিয়া হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। কিন্তু তারা উপস্থিত হননি। পরে বুধবার (৪ জুন) ওই শাখার সাবেক ব্যবস্থাপক আমির হোসাইনসহ তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি।

এছাড়া প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা-ও খতিয়ে দেখছে সংস্থাটি। প্রয়োজনে পরবর্তী ধাপে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক কর্তৃপক্ষ।

উত্তরা শাখার ব্যবস্থাপক আমির হোসাইনের সঙ্গে সিটিজেন জার্নালের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য প্রদানে অপরাগতা প্রকাশ করেন এবং দুদকে জিজ্ঞাসাবাদের বিষয়টিও অস্বীকার করেন।

এদিকে, গ্রাহক সুরাইয়া হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

/এসবি/