শিরোনাম

আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যা মামলার আসামি করার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যা মামলার আসামি করার চেষ্টা
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্যদের হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলা দায়েরের আবেদন করা হয়। তবে ওই আবেদন গ্রহণ করেননি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে পুলিশ হত্যার ঘটনায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। এতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রধান আসামি করা হয়। তবে অভিযোগ পর্যালোচনা করে আদালত মামলাটি আমলে নেননি।

এর আগে ৪ মার্চ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই সরকারে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন উপদেষ্টা হয়েছিলেন। তাদের একজন ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সংসদ নির্বাচন সামনে রেখে গত বছর ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ ছাড়েন আসিফ মাহমুদ। পরে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

/টিই/