শিরোনাম

আরেক হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আরেক হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র  সচিব জাহাঙ্গীর গ্রেপ্তার
সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় রিকশাচালক রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার দাস।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দিন গত ১১ মে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন বুধবার।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর কোতোয়ালি থানাধীন এলাকায় ছাত্র-জনতার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেন ভ্যানচালক রিপন। ওইদিন তিনি গুলিবিদ্ধ হন। দু’দিন পর ৭ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে রামগঞ্জে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় গত বছরের ২৮ আগস্ট নিহতের স্ত্রী শামীমা আক্তার রুমা বাদী হয়ে ২০০ জনকে আসামি করে রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

এ ঘটনায় ওই বছরের ২৮ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন রিপনের স্ত্রী শামীমা আকতার।

/এসবি/