শিরোনাম

ধর্ষণ মামলা: আদালতে হাজির হননি ছেলে, বাবা-মা কারাগারে

রাজশাহী সংবাদদাতা
ধর্ষণ মামলা: আদালতে হাজির হননি ছেলে, বাবা-মা কারাগারে
ছবি: সংগৃহীত

রাজশাহীতে একটি ধর্ষণ মামলার ধার্য তারিখে আসামি লালচাঁন হাজির হননি। এ জন্য তার বাবা-মায়ের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ আদেশ দেন।

কারাগারে পাঠানো দুই আসামি হলেন, মইদুল ইসলাম ও তার স্ত্রী অজিফা বেগম। তাদের ছেলে মোবারক হোসেন ওরফে লালচাঁন ধর্ষণ মামলার আসামি। তাদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামে।

আদালত সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ওই কিশোরী কন্যা সন্তানের মা হয়েছেন। মামলার পর লালচাঁন গ্রেপ্তার হন। তখন ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার ধর্ষণের বিষয়টি নিশ্চিত হন আদালত। পরবর্তীতে তিনি আদালত থেকে জামিন পান। এরই মধ্যে ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

আসামিপক্ষের আইনজীবী আব্দুস সবুর বলেন, ‘ধার্য তারিখে আসামি লালচাঁন আদালতে হাজির হননি। অন্য আসামিরা হাজির ছিলেন। আদালত তার বাবা-মায়ের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন। আদেশের সময় আদালত তাদের ছেলেকে হাজির করতে বলেছেন।’

মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ৮ আগস্ট এক কিশোরী ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হন। পরে কিশোরীর পরিবার বিষয়টি লালচাঁনের বাবা-মাকে জানান। তারা বিষয়টি আমলে নেননি। এ ঘটনায় ওই বছরের ১২ জুন ধর্ষণের অভিযোগে আদালতে ৪ জনকে আসামি করে মামলা করেন কিশোরীর বাবা।

/এসআর/