শিরোনাম

দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল বিএনপির কার্যালয়, পরিদর্শনে এমপি

রাজশাহী সংবাদদাতা
রাজশাহী সংবাদদাতা
দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল বিএনপির কার্যালয়, পরিদর্শনে এমপি
শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের দেওয়া আগুনে আসবাবসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আড়ানী পৌরসভা বাজারের বড়াল নদের পূর্বপাশে ব্রিজসংলগ্ন বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

শনিবার (১৮ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। পরে সাংবাদিকদের তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিলো। তবে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাজারের পাহারাদার বুলবুল হোসেন জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন না। পরে এসে বিএনপি কার্যালয়ের সামনে লোকজনের ভিড় দেখতে পান। সেখানে গিয়ে তিনি আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্র দেখতে পান।

স্থানীয় বাসিন্দা সাব্বির আহমেদ বলেন, ঘটনার পরপরই বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিদ্যুৎ বিভাগ এবং আড়ানী পৌর বিএনপির সভাপতিকে বিষয়টি জানানো হয়। পরে তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক বলেন, আগুনে কার্যালয়ের ভেতরে থাকা টেলিভিশন, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব পুড়ে গেছে। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বাঘা ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে গিয়ে আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন আলামত দেখা গেছে।’

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। কার্যালয়ের ভেতরে পেট্রোলের গন্ধ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

/এসআর/