শিরোনাম

নিজ এলাকায় হামলার মুখে হান্নান মাসউদ

নোয়াখালী সংবাদদাতা
নিজ এলাকায় হামলার মুখে হান্নান মাসউদ
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের গাড়ি লক্ষ্য করে গুলি ও হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়া-৬ আসনের এমপি হান্নান মাসউদ চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতা ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে এই হামলার ঘটনা ঘটে।

এ সময় এমপির সমর্থক ও বিরোধী পক্ষের মধ্যে দফায় দফায় হামলা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে এবং এলাকা পরিদর্শনে যান এমপি হান্নান মাসউদ। প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের একপর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উভয় পক্ষ সড়কের দুই পাশে অবস্থান নিয়ে ছিল।

হান্নান মাসউদ গণমাধ্যমকে বলেন, ‘আমি প্রকল্প বাজার পরিদর্শনে এসেছি। এ সময় বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। আমি এখানে অবস্থান নিয়েছি। বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি অবস্থান ছাড়ব না। তিনি ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিলেন।’

এ বিষয়ে অভিযুক্ত বেলাল মাঝির বক্তব্য পাওয়া যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।’

নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, বিষয়টি শুনে সেখানে পুলিশের অতিরিক্ত একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।

/এসআর/