শিরোনাম

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যার জেরে অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যার জেরে অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় খানপুর গ্রামের বিভিন্ন বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

নোয়াখালীর বেগমগঞ্জে জুবায়ের হোসেন রাকিব নামের এক যুবককে হত্যার ঘটনার প্রতিবাদে অভিযুক্ত সন্দেহে খানপুর গ্রামের ৫টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ হামলা চালায় রাকিবের স্বজন ও উত্তেজিত লোকজন। বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান।

এর আগে, শনিবার রাতে রাকিবকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের ভোলা গাজী বাড়ির সৌদিপ্রবাসী মো. হানিফের ছেলে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের জেরে ৫টি ঘরে অগ্নিসংযোগ করেছে। এর মধ্যে দুটি ঘর পুরোপুরি পুড়ে গেছে এবং আরো তিনটি ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাকিব হত্যাকাণ্ড এবং পরবর্তী হামলা-অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

/এসআর/