শিরোনাম

তেল না পেয়ে ট্রাকচাপায় ফিলিং স্টেশন ম্যানেজারকে হত্যা

নড়াইল সংবাদদাতা
তেল না পেয়ে ট্রাকচাপায় ফিলিং স্টেশন ম্যানেজারকে হত্যা
মো. নাহিদ সরদার। ছবি: সংগৃহীত

নড়াইলে জ্বালানি তেল না পেয়ে বাগ্‌বিতণ্ডার পর একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ মার্চ) মধ্যরাতে সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং স্টেশনটির পাশে ঢাকা-বেনাপোল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত মো. নাহিদ সরদার নড়াইল সদর উপজেলার পেড়লি গ্রামের আকরাম সরদারের ছেলে। এ ঘটনায় গুরুত আহত হয়েছেন নাহিদের মোটরসাইকেলে থাকা বন্ধু জিহাদুল মোল্লা। তিনি তুলারামপুর এলাকার জহুরুল মোল্লার ছেলে।

তানভীর ফিলিং স্টেশনের কর্মচারীরা বলেন, শনিবার রাতে সুজাত নামের এক ট্রাকচালক তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এ সময় তেল নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ম্যানেজার নাহিদ সরদারের সঙ্গে ট্রাকচালকের কথা কাটাকাটি হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে চালক প্রকাশ্যে ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন।

ফিলিং স্টেশন। ছবি: সংগৃহীত
ফিলিং স্টেশন। ছবি: সংগৃহীত

ফিলিং স্টেশনের সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, কথা কাটাকাটির পর ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করছিলেন। দিবাগত রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে মোটরসাইকেলে করে বন্ধু জিহাদকে নিয়ে বাড়ির উদ্দেশে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে তাদের পেছনে যায় ট্রাকটি।

ফিলিং স্টেশনের কর্মীর বলেন, হুমকির ঘটনার পর নাহিদ বের হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাকচালক বের হলে তাদের সন্দেহ হয়। তারাও বের হন। গিয়ে দেখেন, পাম্প থেকে একটু সামনে নাহিদের মোটরসাইকেলটি চাপা দিয়ে চলে যাচ্ছে ট্রাকটি। এ সময় ঘটনাস্থলেই নিহত হন নাহিদ। তার মোটরসাইকেলে থাকা জিহাদুল ইসলামকে গুরুতর আহত অবস্থা নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফিলিং স্টেশনের হিসাবরক্ষক মো. জসিমউদদীন গণমাধ্যশকে বলেন, ট্রাকচালক মো. সুজাত পাম্পে তেল নিতে আসে কিন্তু পাম্পে তেল না থাকায় তাকে আমরা তেল দিতে পারিনি। এ নিয়ে পাম্পের ব্যবস্থাপক নাহিদ ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে সে রেগে গিয়ে বলে ‘তোদের পাম্পে তেল আছে তুই দিচ্ছিস না, তোকে আজকে ট্রাকের তলে চাপা দিব’।

নিহত নাহিদ সর্দারের চাচাতো ভাই মঞ্জুর সর্দার বলেন, ট্রাকচালক সুজাত পরিকল্পিতভাবে হুমকি দিয়ে আমার ভাইকে ট্রাকচাপা দিয়ে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী গণমাধ্যমকে বলেন, নাহিদের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/