শিরোনাম

জঙ্গল সলিমপুর পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’ মেশানোর অভিযোগ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
জঙ্গল সলিমপুর পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’ মেশানোর অভিযোগ
এই সড়ক ধরে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলী নগরে যাতায়াত করতে হয়

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় অবস্থিত একটি পুলিশ ফাঁড়ির পানীয় পানিতে কৌশলে বিষাক্ত পদার্থ মেশানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশ সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়লেও সতর্কতার কারণে কেউ ওই পানি পান করেননি। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রবিবার (২৬ জুলাই) সকালে ফাঁড়িতে কর্মরত সদস্যরা প্রতিদিনের মতো পানীয় পানি ব্যবহার করতে গিয়ে অস্বাভাবিকতা লক্ষ্য করেন। গ্লাসে পানি ঢালার পর তাতে সাদা ফেনা এবং তীব্র দুর্গন্ধ দেখা দিলে তাদের সন্দেহ হয়। এরপর তারা তাৎক্ষণিকভাবে ওই পানি পান থেকে বিরত থাকেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

খবর পেয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পানির নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে পানিতে আদৌ কোনো বিষাক্ত বা ক্ষতিকর পদার্থ মেশানো হয়েছিল কি না। তার আগে এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি নয় পুলিশ।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছেন। পানির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে কারা বা কী উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

উল্লেখ্য, জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরেই ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আলোচিত একটি এলাকা। ভূমিদস্যুদের দৌরাত্ম্য দমনে প্রশাসন সেখানে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এসব অভিযান ব্যাহত করতে একটি স্বার্থান্বেষী চক্র বিভিন্ন সময় নাশকতামূলক কর্মকাণ্ডের আশ্রয় নেয়। অতীতেও এলাকায় র‌্যাব ক্যাম্পে হামলা, গুলিবর্ষণ এবং সরকারি স্থাপনায় ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রশাসনের ধারণা। এসব ঘটনার প্রেক্ষাপটে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

/এমআর/