শিরোনাম

কুর্মিটোলা হাসপাতালের প্রবেশমুখে বাসের ধাক্কা, নিহত ১

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
কুর্মিটোলা হাসপাতালের প্রবেশমুখে বাসের ধাক্কা, নিহত ১
নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ভেতরে ঢুকে পড়েছে

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রবেশমুখে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।

রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মহাখালী দিক থেকে আসা বাসটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের গেটের কাছে পৌঁছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেটি হাসপাতালসংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের দেয়ালে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার আঘাতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও উপস্থিত লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে তাদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এ সময় হাসপাতালের গেটসংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের দেয়াল ক্ষতিগ্রস্ত হয় এবং স্থাপনাটির একটি অংশ ভেঙে পড়ে।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে ট্রাফিক বিভাগের একটি সূত্র দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এসআই মানিকও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ প্রায় ৪০ মিনিট আগে দুর্ঘটনার খবর পেয়েছে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। আহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

/এমআর/