শিরোনাম

চাচার দায়ের কোপে প্রাণ গেলো ভাতিজার

ময়মনসিংহ সংবাদদাতা
চাচার দায়ের কোপে প্রাণ গেলো ভাতিজার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চাচার দায়ের কোপে প্রাণ হারালো রিফাত নামে এক তরুণ। এ ঘটনার পর থেকে মাদকাসক্ত চাচা মনির পলাতক রয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যার দিকে গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের পাচুঁয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিফাত ওই গ্রামের মনসুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত মনির এলাকায় চিহ্নিত মাদকসেবী। শনিবার সকাল থেকে তিনি বাড়িতে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন। তিনি দা দিয়ে নিজের ছেলেকে মারতে যান। এ সময় রিফাত ফেরাতে গেলে মনির রিফাতের হাঁটুর নিচে কোপ দেন। এতে রিফাত গুরুতর আহত হন। স্থানীয়রা টের পেয়ে রিফাতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই রিফাত মারা যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযুক্ত মনিরকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসআর/