শিরোনাম

ময়মনসিংহে ২ গ্রামের সংঘর্ষে তছনছ বিয়েবাড়ি

ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহে ২ গ্রামের সংঘর্ষে তছনছ বিয়েবাড়ি
ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলগী গ্রামে বিয়ে বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রবিবার (৩১ মে) সকালে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর ও চরআলগী গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, সংঘর্ষের সময় চরআলগী গ্রামের অন্তত ১৫ থেকে ২০টি বাড়িতে লুটপাট চালানো হয়। পরে এলাকার অর্ধশতাধিক খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে হামলার সময় চরআলগী গ্রামের হতদরিদ্র নাজিম উদ্দিনের মেয়ে আসমা খাতুনের বিয়ের অনুষ্ঠান চলছিল।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা বিয়ে বাড়িতে ঢুকে রান্না করা খাবার নষ্ট করে, অতিথিদের বসার স্থান তছনছ করে এবং থালা-বাসন ভাঙচুর করে।

নাজিম উদ্দিনের ভাই আলাল উদ্দিন বলেন, বিনা কারণে এমন হামলার ঘটনায় আমার ভাই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। বর আসার আগেই এমন ঘটনা ঘটবে কেউ কল্পনাও করতে পারেনি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, ঈদের দিন বিকালে বটতলায় ফুচকার অর্ডার দেওয়া নিয়ে বাকবিতণ্ডা থেকে ঘটনার সূত্রপাত। পরে এর জের ধরে রবিবার চরআলগী গ্রামের ৩০ থেকে ৪০টি বাড়িঘর এবং একটি বিয়ে বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো সেখানে পুলিশ অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/এসআর/