শিরোনাম

ফরিদপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ
সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন ফারুকউজ্জামান মিয়া। ছবি: সিটিজেন জার্নাল

শারীরিক অসুস্থতা দেখিয়ে আওয়ামী লীগের ফরিদপুরের সালথা উপজেলার সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মো. ফারুকউজ্জামান মিয়া। শনিবার (২৮ মার্চ) সকালে ফরিদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফারুকউজ্জামান মিয়া বলেন, দীর্ঘদিন দায়িত্ব পালনের পর বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় সাংগঠনিক দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে আমি সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গেও আর যুক্ত হবো না।

মো. ফারুকউজ্জামান মিয়া বর্তমানে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মেয়াদ শেষ হলে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এ সময় ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/এসআর/