শিরোনাম

ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
ছাত্রলীগের মশাল মিছিল

ফরিদপুরের ভাঙ্গায় মশাল মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীরা। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ভাঙ্গার গোলচত্বর এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

নিষিদ্ধ সংগঠন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডিতে এর ভিডিও পোস্ট করা হয়েছে।

জানা গেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে এ প্রতিবাদ মিছিল করা হয়।

এক মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে কোনো এক সড়কে কিছু যুবক মশাল জ্বালিয়ে মিছিল করছেন। এসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই’-সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, বিষয়টি জানা নেই। তারপরও খোঁজখবর নিয়ে দেখা হবে।

/এসআর/