শিরোনাম

জাতীয় গ্রিডে রামপালের ১০৭৩ মেগাওয়াট বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জাতীয় গ্রিডে রামপালের ১০৭৩ মেগাওয়াট বিদ্যুৎ
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

গত এক মাসের অধিক সময় ধরে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে এর মধ্যেও স্বস্তি দিচ্ছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। গত ২৫ দিনে কেন্দ্রটি থেকে গড়ে ১ হাজার ৭৩ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বর্তমানে কেন্দ্রটি পূর্ণ সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ২৫ দিনে কেন্দ্রটি প্রায় ৬৪ কোটি ৩৬ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে। এ সময়ের মধ্যে গড়ে ১ হাজার ৭৩ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। এর আগে জুন মাসে কেন্দ্রটি ৮২ কোটি ৭৩ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছিল। যা গড়ে ১ হাজার ১৪৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সমতুল্য।

১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এ কেন্দ্রটি উৎপাদন সক্ষমতা বজায় রেখে জাতীয় গ্রিডের ওপর ক্রমবর্ধমান চাপ কমাতে সহায়তা করছে। যার ফলে জনমনে কিছুটা হলেও স্বস্তি নেমে আসছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রটি ধারাবাহিকভাবে পূর্ণ সক্ষমতায় কার্যক্রম চালিয়ে যেতে পারলে লোডশেডিং উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। এর ফলে শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ সেবা খাতগুলোতে বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।

‎প্রযুক্তিগত সক্ষমতা ও দেশীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে।

কেন্দ্রটির মহাব্যবস্থাপক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম জানিয়েছেন, আগে ভারতীয় প্রকৌশলীরা প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করেছিলেন। তাদের প্রশিক্ষণ আত্মস্থ করে বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশি প্রকৌশলীদের দক্ষ হাতে পরিচালিত হচ্ছে।

বর্তমান বিদ্যুৎ সংকট নিরসনে ‎রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের এ সফল পরিচালনা সহায়ক ভূমিকা পালন করছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি বড় বার্তাও দিচ্ছে।

/জেএইচ/