শিরোনাম

টানা তিন দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
টানা তিন দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কত
স্বর্ণালঙ্কার। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের বাজারে টানা তৃতীয় দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত কমা‌নো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

​বুধবার (২ সে‌প্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

এতে বলা হয়, দেশের স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

​নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা এবং ​২১ ক্যারেট ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

এর আগে গত ২৯ আগস্ট ও ৩১ আগস্ট স্বর্ণের দাম কমিয়েছিলো বাজুস।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঘোষিত এ বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন বা নকশা অনুযায়ী যথারীতি মজুরি প্রযোজ্য হবে। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ (বদল) ও পারচেজের (ক্রয়) ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়মই বহাল থাকবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য তালিকা কার্যকর রাখার নির্দেশ দিয়েছে সংগঠনটি।

​স্বর্ণের দামের সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম পড়বে ৫ হাজার ১৬ টাকা এবং ২১ ক্যারেট ৪ হাজার ৭৮২ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৯১ টাকা।

/জেএইচ/