শিরোনাম

কলেজে ভর্তি আবেদন শুরু আজ, আবেদন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
কলেজে ভর্তি আবেদন শুরু আজ, আবেদন যেভাবে
ছবি: এআই

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন আজ বুধবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। নিয়ম অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে আবেদন পারবেন। আবেদন ফি ২২০ টাকা।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনসংক্রান্ত ওয়েবসাইট ও নির্দেশনা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এতে বলা হয়েছে, ভর্তির জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে।

ভর্তি কার্যক্রমের সূচি অনুযায়ী, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আজ থেকে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন। পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফলে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তিত হবে, তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। একই সময়ে পছন্দক্রম পরিবর্তনও করা যাবে।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল আগামী ১৭ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশিত করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস।

৯৩ শতাংশ আসন মেধার ভিত্তিতে, ৭ শতাংশ কোটা

নীতিমালা অনুযায়ী, এ বছর কোনো ভর্তি পরীক্ষা হবে না। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। পুরো ভর্তি প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন হবে। তবে মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে।

অনলাইনে আবেদন যেভাবে

চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। এ ফি দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দিতে হবে শিক্ষার্থীদের।

আগ্রহীদের সর্বপ্রথম ফি জমা দিতে হবে। আবেদন ফি পরিশোধের জন্য বিকাশের মাধ্যমে সহজেই পেমেন্ট করা যাবে। বিকাশ অ্যাপে গিয়ে ‘Education Fee’ অপশনে ক্লিক করবেন। তারপর ‘XI Class Admission’ নির্বাচন করতে হবে। এরপর রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড, পাসের সন ও মোবাইল নম্বর দিয়ে পরবর্তী ধাপে গিয়ে পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করা যাবে। নির্ধারিত টাকার পরিমাণ নিজে থেকে দিতে হবে না, স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত ফি কেটে নিয়ে যাবে।

অনলাইনে ভর্তির জন্য শিক্ষার্থীদের প্রথমেওয়েবসাইটে যেতে হবে। তার লগইন বাটনে ক্লিক করতে হবে।

দ্বিতীয় পেজে গিয়ে ‘সাইন আপ’ বাটনে ক্লিক করে এসএসসির রোল, রেজিস্ট্রেশন নম্বর, পাসের সন ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর মোবাইলে এসএমএসের মাধ্যমে আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। এরপর ওই তথ্য দিয়ে লগইন করে ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। সেখান থেকে নির্ধারিত কলেজ কোড বা নাম দিয়ে সার্চ করে পছন্দের কলেজ নির্বাচন করে আবেদন জমা দিতে হবে।

একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মেধা, কোটা ও পছন্দক্রম বিবেচনায় নিয়ে একটি মাত্র কলেজে তাকে ভর্তির জন্য নির্বাচিত করা হবে।

তবে প্রবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সন্তান, বিকেএসপির শিক্ষার্থী ও যেসব শিক্ষার্থী বিশেষ চাহিদাসম্পন্ন হিসেবে এসএসসি উত্তীর্ণ হয়েছেন, তারা বোর্ডে প্রমাণপত্রসহ ম্যানুয়ালি আবেদন করতে পারবেন। বোর্ড সেসব আবেদন যাচাই করে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এসব তথ্য জানানা।

/এফআর/