শিরোনাম

ফরিদপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিল
ফরিদপুর শহরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি তামজিদুল রশিদ চৌধুরীর নেতৃত্বে মশাল মিছিল

ফরিদপুর শহরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী ওরফে রিয়ানের নেতৃত্বে মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাতে শহরের লক্ষ্মীপুর এলাকায় এ মিছিল করা হয় বলে তামজিদুল রশিদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে দাবি করেছেন। তবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে আছেন।

গতকাল মধ্যরাতে ১ মিনিট ১৪ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করেন তামজিদুল রশিদ। এতে দেখা যায়, ‘১৫ আগস্ট সংক্রান্ত শোক র‍্যালি’ লেখা একটি ব্যানার নিয়ে ২৫ থেকে ৩০ জন মশাল হাতে মিছিল করছেন। তাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন তামজিদুল। মিছিলে অংশ নেওয়া বেশির ভাগ ব্যক্তির মুখে মাস্ক ছিল।

ভিডিওতে দেখা যায়, লক্ষ্মীপুর চুনাঘাট সেতুর অপর প্রান্ত থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরমুখী প্রান্তে এসে ভিডিওটি শেষ হয়। স্থানীয়ভাবে ভিডিওতে দেখানো স্থানটি লক্ষ্মীপুর এলাকা বলে নিশ্চিত হওয়া গেছে। মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘নিষিদ্ধ সংগঠনটি গতকাল রাতে মিছিল করেছে বলে নিশ্চিত হয়েছি। যারা মিছিল করেছে, রাত থেকেই তাদের ধরতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এসআর/