শিরোনাম

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পরিবারের ৫ সদস্য দগ্ধ

নিজস্ব প্রতিবেদক
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পরিবারের ৫ সদস্য দগ্ধ
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তিন শিশু সন্তানসহ মা-বাবা দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রবিবার (১০ মে) সকাল সাতটার দিকে ফতুল্লার গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, ওই এলাকার সবজি বিক্রেতা মো. কালাম (৩৫), তার স্ত্রী সায়মা (৩২) এবং তাদের ছেলে মুন্না (৭), দুই মেয়ে কথা (৭) ও মুন্নি (১০)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. হাসান জানান, সকালের দিকে সেই বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন, ঘরের ভেতর আগুন জ্বলছে। এ সময় দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, বাসার গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, কালামের শরীরের ৯৫ শতাংশ, তার স্ত্রীর ৬০, মুন্নার ৩০, কথার ৫২ ও মুন্নির ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থাই খুবই আশঙ্কাজনক।

/এফআর/