শিরোনাম

রাজশাহীর ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা

রাজশাহী সংবাদদাতা
রাজশাহীর ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
প্রতীকী ছবি

চলতি মৌসুমে রাজশাহীর বিখ্যাত ও সুস্বাদু আম বাগান থেকে পাড়ার সময়সূচি নির্ধারণ করে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রবিবার (১০ মে) জেলা প্রশাসনের সভাকক্ষে কৃষিবিদ, ফল গবেষক, চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম।

জানা গেছে, বাজারে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে প্রতিবছরের মতো এই ‘ম্যাংগো ক্যালেন্ডার’ ঘোষণা করে রাজশাহী জেলা প্রশাসন।

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, মৌসুমের শুরুতেই ১৫ মে থেকে গাছ থেকে নামানো যাবে সব ধরনের গুটি আম। ঠিক এক সপ্তাহ পর ২২ মে থেকে বাজারে আসবে রসালো গোপালভোগ। তার পরপরই আগামী ২৫ মে থেকে চাষিরা লক্ষণভোগ (লখনা) ও রানিপছন্দ জাতের আম সংগ্রহ করতে পারবেন। তবে হিমসাগর (ক্ষীরশাপাত) আমের জন্য অপেক্ষা করতে হবে ৩০ মে পর্যন্ত।

এছাড়া জুন মাসের শুরুতেই অর্থাৎ ১০ জুন থেকে নামানো যাবে সুগন্ধি ল্যাংড়া ও ব্যানানা ম্যাংগো। এরপর ১৫ জুন বাজারে আসবে দুই জনপ্রিয় জাত ফজলি ও আম্রপালি।

আম ক্যালেন্ডার অনুসারে, মৌসুমের শেষের দিকে অর্থাৎ ৫ জুলাই থেকে গাছ থেকে নামানো যাবে বারি আম-৪। আর আশ্বিনা জাতের আম নামাবে ১০ জুলাই থেকে। সবশেষ ১৫ জুলাই থেকে বাজারে আসবে নাবি জাতের আম গৌড়মতি।

উপস্থিত চাষিদের উদ্দেশ করে ডিসি কাজী শহিদুল ইসলাম জানান, ‘নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই গাছ থেকে আম নামানো যাবে না। বাজারে অপরিপক্ব ও অনিরাপদ আম রোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। যদি কেউ সিদ্ধান্ত অমান্য করে তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর রাজশাহী জেলায় মোট ১৯ হাজার ১৮৮ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে জেলা থেকে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন আম উৎপাদন হবে।

/এফআর/