শিরোনাম

শাল্লায় ফসল রক্ষা বাঁধ কেটে দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জ সংবাদদাতা
শাল্লায় ফসল রক্ষা বাঁধ কেটে দেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় রাতের আঁধারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মাণাধীন ফসল রক্ষা বাঁধ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) রাতে উপজেলার উদগল হাওরের নিয়ামতপুর ও জয়পুর গ্রামের মধ্যবর্তী বাঁধটি কেটে দেয় দুর্বৃত্তরা। এর ফলে ছায়ার হাওরে পানি প্রবেশ করতে শুরু হয়েছে এবং কৃষকদের ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুর গ্রামের দক্ষিণ পাশে অবস্থিত উদগল হাওরের বাঁধটি রাতে কেটে দেওয়া হয়। ফলে উদগল হাওরের পানি দ্রুত ছায়ার হাওরে ঢুকতে শুরু করেছে। স্থানীয়দের ধারণা, মাছ ধরার উদ্দেশ্যে আশপাশের গ্রামের কেউ এ ঘটনা ঘটাতে পারে।

ছায়ার হাওরের কৃষক সবিনয় শীল বলেন, অতিবৃষ্টিতে এমনিতেই আমাদের অনেক ফসল নষ্ট হয়ে গেছে। এখন পানি কমতে শুরু করায় উঁচু জমির কিছু ধান ঘরে তোলার আশা ছিল। কিন্তু রাতের আঁধারে বাঁধ কেটে দেওয়ায় ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দ্রুত বাঁধটি পুনরায় মেরামতের আশ্বাস দিয়েছেন।

পাউবোর উপ-সহকারী প্রকৌশলী ওবায়দুল হক গণমাধম্যকে বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এরইমধ্যে মেরামত কাজ শুরু হয়েছে এবং আজকের মধ্যেকেটে দেওয়া অংশ বন্ধ করা সম্ভব হবে।

/এসআর/