শিরোনাম

চট্টগ্রাম শহর পানির ওপর ভাসছে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম শহর পানির ওপর ভাসছে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যেই চট্টগ্রাম নগরী পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছেন, নগরী পানির ওপর ভাসছে না, সুন্দর ও স্বাভাবিক অবস্থায় রয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর প্রবর্তক মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী জানান, গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে শহর প্লাবিত হওয়ার খবর প্রচার করা হচ্ছে, বাস্তব চিত্র তেমন নয়। তার মতে, হঠাৎ অতিবৃষ্টিতে কিছু জায়গায় সাময়িকভাবে পানি জমলেও তা দ্রুত নিষ্কাশিত হয়েছে এবং নগরী এখন শুষ্ক মৌসুমের মতোই স্বাভাবিক অবস্থায় আছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় তিনি সরেজমিনে পরিস্থিতি দেখতে এসেছেন। জলাবদ্ধতার ভোগান্তি নিয়ে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করলেও মাঠের চিত্র অতটা ভয়াবহ নয় বলে তিনি মনে করেন। বিশেষ করে প্রবর্তক মোড়ের উদাহরণ টেনে তিনি বলেন, ৬০ কিলোমিটারের এ শহরে জলাবদ্ধতার স্থানটি ছিল খুবই নগণ্য। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের দীর্ঘসূত্রতা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ২০১৬ সালে শুরু হওয়া ৩৬টি খালের সংস্কার কাজ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে হিজড়া খালের নির্মাণ কাজের জন্য দেওয়া অস্থায়ী বাঁধের কারণে সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে। তবে আগামী ৫ দিনের মধ্যে এসব বাধা অপসারণ করে খালের পানি প্রবাহ সচল করার আশ্বাস দেন তিনি। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএকে/